ঢাকার বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি গতকাল এক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করার নির্দেশনা দেন।
১৪ দলের শোক
বনানীতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ১৪ দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। গতকাল রাতে এক বিবৃতিতে ১৪ দলের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।
