আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প উপায় বের করতে হবে। কেবল শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না।'
বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অপরাধ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিচার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজ'র প্রথম বার্ষিক সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচ্য বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করে প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন যুক্তরাষ্ট্রের 'ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি'র অধ্যাপক ড. মোকাররম হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের 'ভেলদোস্তা স্টেট ইউনিভার্সিটি'র অধ্যাপক ড. মিজানুর রহমান মিয়া ও 'সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি'র অধ্যাপক ড. শফিকুর রহমান।
'আজকের পৃথিবীতে সময়ের সাথে সাথে অপরাধের ধরনের পরিবর্তন ঘটছে' বলে আইনমন্ত্রী উল্লেখ করেন। তাই অপরাধ দমন বা মোকাবেলা করতে হলে অপরাধের কারণগুলো খুঁজে বের করে সে বিষয়ে বিজ্ঞানসম্মত গবেষণার জোর তাগিদ দিয়েছেন তিনি।
বর্তমানে নতুন নতুন যেসব অপরাধ সংঘটিত হচ্ছে সেটিকে অপরাধতত্ব হিসেবে ধরে নিয়ে এর বিজ্ঞানসম্মত গবেষণা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করে বলেন, ’আইন প্রয়োগ বা বিচারের পাশাপাশি অপরাধের সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করে এর উপশম ঘটাতে হবে।’ -বাসস।
ইত্তেফাক/এসএস
