ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র হচ্ছে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:২৯
ভারতের বিশাখাপত্তমে অবস্থিত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ব্যবস্থা হিসেবে ‌'ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র' প্রতিষ্ঠা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। 
 
গত ৫ জানুয়ারি  ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। 
 
এ উপলক্ষে অন্ধ্র বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়নের ওপর একটি সিম্পোজিয়ামেরও আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। তার ভাষণের আগে অন্ধ্র প্রদেশের মানব উন্নয়ন মন্ত্রী গান্ত শ্রীনিবাস রাও এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাও ড. ইউনূসকে স্বাগত জানান। 
 
সামাজিক ব্যবসা বিষয়ক গবেষণা পরিচালনা ও তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায়ে উৎসাহিত করতে এই ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রটি’ প্রক্রিয়াধীন আছে বলে অবহিত করেন। 
 
আয়োজকদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঘু বাবু প্রফেসর ইউনূসের আদর্শ ও কর্ম কীভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে তা ব্যাখ্যা করেন।IMG0
 
তিনি বলেন, সামাজিক ব্যবসা মডেল শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই নয় বরং সমগ্র বিশ্বের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তরুণদেরকে চাকরি খোঁজার বদলে বরং উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হবার প্রেরণা তরুণদের মধ্যে জাগ্রত করে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারে। 
 
ইত্তেফাক/এমআই