কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে নোয়াখালী জেলার চাটখিল, রামগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৫২ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে ব্যাংক এশিয়া।
শনিবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটি চেয়ারম্যান রুমি এ. হোসেন।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ জহিরুল আলম এবং মিঞা কামরুল হাসান চৌধুরী, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চাটখিল পাঁচগাও মাহবুব সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতারা এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া গ্রামীণ শাখাগুলোর মাধ্যমে পল্লী অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। চলতি বছর এ বৃত্তির জন্য ২৪০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়।
ইত্তেফাক/এমএইচ
