রাজশাহী মহানগরীর বালিয়া পুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক ৬ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, মহানগরীর বালিয়া পুকুর এলাকার জামায়াত নেতা মনিরুজ্জামান মনির (৬৪), গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের আমানুল্লাহ ফজল (২০), বাগমারা উপজেলার খয়রা গ্রামের মারুফ হোসেন (২০), মোশারফ হোসেন (২১), পাবনা জেলার সুজানগর থানার সৈয়দপুর এলাকার শিবিরকর্মী হাবিবুল্লাহ ওরফে হাবিব (২৫) ও কুষ্টিয়া জেলার খোকসা গ্রামের আবু মুসা (২১)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতা চালানোর জন্য জামায়াত-শিবিরের কিছু কর্মী ওই বাড়িতে একত্রিত হয়ে বৈঠক করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতের মাধ্যেমে তাদের সকলকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
