ফালুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলবে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১০:৫২
 
বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলবে। দুদকের অনুসন্ধান কার্যক্রমে ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।   
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন। 
 
একই সঙ্গে দুদকের মামলার শুনানির এখতিয়ার না থাকার পরেও হাইকোর্ট বেঞ্চ যে রুল ইস্যু করেছিল তাও খারিজ করে দিয়েছে সর্বেোচ্চ আদালত। 
 
গত ২০ নভেম্বর ফালুকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। নোটিশে বলা হয়, বিভিন্ন ব্যবসার নামে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ওপর অনুসন্ধান কার্যক্রম চলছে। 
এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে  রিট করেন ফালু। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। 
 
আজ দুদকের পক্ষে শুনানি করেন দুদক কৌসুঁলী খুরশিদ আলম খান এবং ফালুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
 
 
ইত্তেফাক/এএসএস