লক্ষ্মীপুরে মাদক বিরোধী কমিটির উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:০৫

লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের মাদক বিরোধী কমিটির সদস্যদের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে ওই কমিটির তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আরজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

শনিবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের ৬নং ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেরাজ, শামীম, হিরা। এরা ওই ওয়ার্ডের মাদক বিরোধী কমিটির সদস্য। এদের মধ্যে আহত মেহেরাজের অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল খায়ের স্বপন জানান, ৬নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটির সদস্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে মাদক ব্যবসায়ী জসিম, আরজু, মনছুর, আনোয়ার, রিপন ও হারুনসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মাদক বিরোধী কমিটির লোকজনের উপর হামলা চালায়। হামলায় আহত হয় ওই কমিটির তিনজন সদস্য। এ সময় বাধা দিতে গেলে মাদক ব্যবসায়ীরা কাউন্সিলরের কার্যালয়ের উপরও হামলা চালানোর চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনায় জড়িত আরজু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে হামলায় আহত শামীম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করে। পুলিশ আরজু নামের একজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

 

ইত্তেফাক/এএসএমইউ