বিচারাঙ্গনের বাইরের কাউকে নিম্ন আদালতের কোন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর জন্য বিচারকদেরকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালতের কর্মঘণ্টাকালীন সময়ে কোন অনুষ্ঠান না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। ওই সার্কুলারে বলা হয়েছে, অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বা অধস্তন আদালত সংশ্লিষ্ট যেকোন অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রণ জানানো আদৌও কাম্য নয়। এ ধরনের আমন্ত্রণ জানানো বিচারকগণের জন্য অনুসরনীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী।
দেশের সকল নিম্ন আদালতসূমহে সার্কুলার সংক্রান্ত এ চিঠি গতকাল পাঠিয়ে দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অধস্তন আদালত কর্তৃক এজলাশ সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনসহ অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি ও পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়। এমতাবস্থায় অধস্তন আদালত কর্তৃক এজলাশ সময়ে কোন অনুষ্ঠান আয়োজন না করা এবং আদালত সংশ্লিষ্ট যে কোন অনুষ্ঠানে বর্ণিত এসব ব্যক্তিদের আমন্ত্রণ না জানাতে বলা হয়। এরূপ কোন ব্যক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলে সেক্ষেত্রে তাদেরকে অনুষ্ঠান মঞ্চে আসীন না করা এবং কোন ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হলো।
ইত্তেফাক/এমআই
