বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকার ৯ জানুয়ারি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ১৭ অবৈধ বাংলাদেশী অভিবাসীকে প্রত্যর্পণ করবে। এসব অভিবাসীকে কয়েক বছর আগে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে একটি বন্দি শিবিরে রয়েছে।
আসাম সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আসামের দক্ষিণাঞ্চলীয় শিলচর জেলে বন্দি এসব অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আগামীকাল (সোমবার) বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে দু'দফা বৈঠকের পর তাদের প্রত্যর্পণের এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওই শীর্ষ কর্মকর্তা বলেন, "গত বছর দু'দেশের কর্মকর্তাদের মধ্যে দু'দফা আলোচনার পর প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়া হয়। এদেরকে সীমান্তের করিমগঞ্জ সেক্টর সাইট থেকে পুশব্যাক করা হবে।"
গত বছর আসাম সরকার অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য আসাম থেকে গ্রেফতারকৃত ১০ অবৈধ বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠায়। ওই কর্মকর্তা আরো জানান, কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে বাংলাদেশ ও মায়ানমারের ৫৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। উল্লিখিত ১৭ বাংলাদেশী এই ৫৪ জনের মধ্যে ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
