স্মার্টফোন প্রস্তুতকারকদের দুই হাজার রুপি বা তারও কম দামী স্মার্টফোন তৈরির অনুরোধ জানিয়েছে ভারত সরকার। ক্যাশলেস লেনদেনকে ভারতীয়দের মধ্যে পৌঁছে দিতে নতুন এই পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্টরা।
নীতি আয়োগের এক সভায় এই অনুরোধ করে ভারত সরকার। ওই সভায় অ্যাপল-স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় হ্যান্ডসেট প্রস্তুতকারকরা না থাকলেও হাজির ছিলো চীনা ও ভারতীয় নির্মাতারা।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্যাশলেস ইকোনমি গড়তে এই প্রচেষ্টা। ডিজিটাল ট্রান্সেকশনে স্মার্টফোন সবচেয়ে আগে দরকার। কিন্তু স্মার্টফোনের দামের জন্য এখনও অনেক মানুষের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব। সেই সকল মানুষের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। স্মার্টফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার থাকতে হবে বলেও জানান হয়েছে।
কয়েকদিন আগে ভারতে এসেছিলেন গুগল নির্বাহী সুন্দর পিচাই। সেখানে তিনি জানান, ভারতকে ডিজিটাইজেশন করার যে কথা বলা হচ্ছে তা তখনই সম্ভব যখন প্রতেকের হাতে স্মার্টফোন থাকবে এবং তার জন্য সস্তা অথার্ৎ ২০০০ রুপির মধ্যে বাজারে আসতে হবে স্মার্টফোন।
ইত্তেফাক/এএম
