নওগাঁর রাণীনগর উপজেলায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার সকালে মেলার উদ্বোধন উপলক্ষে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে তা উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, ডেপুটি কমান্ডার সরদার মো. আব্দুল ওয়াহিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সাওয়ার, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা তিতুমীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিস চন্দ্র, পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা ও উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।
মেলায় ৩০টি স্টল অংশগ্রহণ করছে। বিকেল তিনটায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন স্থানের উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/এএসএমইউ
