সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৩২
অন্তঃসত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামী এনামুল হককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ সোমবার বিকেল তিনটায় এ রায় প্রদান করেন। এই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল হক সরকার ও ইব্রাহীম খলিল ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
দণ্ডপ্রাপ্ত এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে।
 
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে এনামুলের সাথে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী এনামুল হক কারণে অকারণে তার স্ত্রীকে মারপিট করতেন।
 
এ নিয়ে তাদের পরিবারের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। এরই জের ধরে ২০১১ সালে ১৮ মে এনামুল তার ৮ মাসের অস্তঃসত্বা স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়।
 
এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ছয়জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্ত শেষে ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই আসিফ মো. সিদ্দীকুল ইসলাম।
 

ইত্তেফাক/এএম।