বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন, রংপুর বিভাগীয় নগরীকে একটি সুন্দর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ ব্যাপারে সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা এক সঙ্গে কাজ করবো। তিনি বলেন, এক বছরের মধ্যে রংপুরে গ্যাস সংযোগের আওতায় আসবে। খুব শীঘ্রই রংপুর ঢাকা আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। সৈয়দপুর বিমান বন্দরকে আরও আধুনিক বন্দর হিসাবে গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। ক্যান্সার ইন্সটিটিউট স্থাপনের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। ঐতিহ্যবাহী মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরিটিও নতুনভাবে আগামীতে চালু করা হবে।
বৃহস্পতিবার মাহিগঞ্জ সারগাম ক্লাব আয়োজিত অপু মুন্সী কর্নার উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম বিপিএম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সারগাম ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শাহীন। সভাপতি শামসুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান তুহিন চৌধুরী, মাহিগঞ্জ কলেজের প্রভাষক আব্দুল আখের রাশেদী। অনুষ্ঠানে শেষে এলাকায় বিশেষ অবদান রাখার জন্য ক্লাবের পক্ষ থেকে গুনীজন ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরষ্কার দেওয়া হয়।
অপরদিকে, ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে গনেশপুর-গুড়াতিপাড়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে রংপুরের অসংখ্য মানুষের প্রাণ গেছে। সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে।
আরো পড়ুন: নবজাতককে পলিথিনে মুড়িয়ে ইটচাপা দিয়ে হাসপাতালে মা
আলোচনা সভায় মো. তবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আজমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সাবেক রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইলিয়াস আহমেদ, গনেশপুর বায়তুর মামুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রইচ উদ্দিন, সমাজ সেবক ও আবু নুর মোহাম্মদ আহসান হামিদ, সমাজ সেবক সফিকুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজুসহ অন্য অতিথিবৃন্দ।
ইত্তেফাক/অনি
