‘ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২১:১১
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। স্বাস্থ্য সেবার ব্যাপারে সকলকে আরো বেশি নজর দিতে হবে। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই।’
 
সোমবার রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শহীদ মনসুর আলী ট্রাস্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান লায়লা আরজুমান্দ’র সভাপতিত্বে মেডিকেল কলেজের নবীনবরণ ও পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সেক্রেটারি, শহীদ মনসুর আলী ট্রাস্ট, গভর্নিং বডির সদস্য ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডা. ইমমাইল খান ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজমূল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনীতির মুক্তি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ ও স্বপ্নগুলো শেষ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আইএস ও জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, গুশলানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় যারা জঙ্গি হামলা চালিয়েছে সেই সকল হামলাকারীদের কোন লাভ হয়নি। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদকে পছন্দ করে না। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলনের নামে ৯৩ দিন হরতাল অবরোধে তারা ২২জন পুলিশকে হত্যা করেছে। শেখ হাসিনার পতন না হলে বেগম খালেদা জিয়া তখন আর বাড়ি ফিরে যাবেনা বলেছিলেন। আন্দোলনে ব্যর্থ হয়ে তিনি নিজে-নিজেই বাড়ি ফিরে গেছেন। 
 
ইত্তেফাক/এমআই