একনেক-এ ৯ প্রকল্পের অনুমোদন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:১৪
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ'সহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লাখ টাকা।
 
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৩২৯ কোটি ১৬ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫০ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৪৯৪ কোটি ৯১ লাখ টাকা যোগান দেয়া হবে।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এক সংবাদ সম্মেলনে প্রকল্পসমূহ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পরিকল্পনামন্ত্রী জানান, গত অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জানুয়ারি পর্যন্ত একনেকের বৈঠক হয়েছিল ১৭টি। এতে ১২৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলোর ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ২৬ হাজার ১৩৩ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সমেয়ে ১৬টি একনেক সভায় ১৩১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৮৩৩ কোটি টাকা।
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নদী ড্রেসিঙয়ের পর যে বালু উত্তোলন করা হয়, এই বালু দিয়ে ইটের বিকল্প তৈরি করতে হবে অথবা 'হলো ব্লক' তৈরি করতে হবে। এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা যাবে এবং অর্থনৈতিক দিক থেকেও সাশ্রয়ী হবে।' পাইলট প্রকল্পের আওতায় শিগগিরই এ কাজ শুরু হবে বলে পরিকল্পনা মন্ত্রী জানান।
 
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ১৩০টি সেতু নির্মাণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, 'সেতুগুলোর মোট দৈর্ঘ্য হবে ২৬ হাজার ৪০ মিটার। দেশের ৬৪ জেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস