চলে গেলেন বেগমজাদী মেহেরুন্নেসা পারুল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:৩১
 
ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের জেষ্ঠ্য সদস্য, নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল চলে গেলেন না ফেরার দেশে (ইন্না...রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
গত ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিত্তথলিতে পাথরের কারণে ৭ জানুয়ারি শনিবার অপারেশন করা হয়। ১৯৭৪ সালে নাট্যাচার্য সেলিম আল দীনের সাথে তাঁর বিয়ে হয়।
 
তাঁদের একমাত্র সন্তান মইনুল হাসানও অকালে মৃত্যুবরণ করেছেন। আর সেলিম আল দীন পরলোকগমন করেছেন ১৪ জানুয়ারি ২০০৮ সালে। স্বামীর মৃত্যুবার্ষিকীর চারদিন আগে তিনিও চলে গেলেন।
 
বেগম মেহেরুন্নেসা পারুল টাঙ্গাইলের করটিয়া কলোনীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা প্রফেসর মোকছেদ আলী খান টাঙ্গাইলের করটিয়ার সরকারি সাদাত কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করতেন এবং পরবর্তীতে ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। মা আনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। ৬ ভাইবোনের মধ্যে মেহেরুন্নেসা পারুল ছিলেন প্রথম। করটিয়া বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি, আবেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, টাঙ্গাইল সরকারি সাদাত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলায় বিএ এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ এবং এমএড সম্পন্ন করেন। পড়াশুনা শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বাংলায় অধ্যাপনা করতেন। চাকরি জীবন থেকে অবসর নেবার পর বিশ্ববিদ্যালয়ের বাসায় ছিলেন তিনি।
 
আজ বাদ আছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এরপর অরুণাপল্লী হাউজিং সোসাইটি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না সহ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না সহ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খান,কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান,রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুজ্জামান কামাল,বগুড়া কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন,সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, ভোর হলো বগুড়ার সমন্বয়ক তাসলিমা বেগম, লিটল থিয়েটার বগুড়ার সংগঠক সিজুল ইসলামসহ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এএম।