নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির ২০১৭-২০১৮ সালের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের সানিসাইড কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি অভিষিক্ত হয়।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন।
নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মঈনুল হোসেন মিয়া। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এম. আজিজ, ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল আহমেদ জনি, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও আতাউর রহমান সেলিম, অভিষেক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, অভিষেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সোসাইটির সহ-সভাপতি ফারুক মজুমদার, সদস্য সচিব ও সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ক সম্পাদক সৈয়দ এনায়েত আলী, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাচন কমিশনার আব্দুল হাকিম, আনোয়ার হোসেন, ইউনূস সরকার ও জামান তপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ সোসাইটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবনির্বাচিত কর্মকর্তারা বাংলাদেশ সোসাইটিকে আরো কল্যাণকর ও গতিশীল সংগঠনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আজমলহোসেন কুনু এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্বে করেন নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যথাক্রমে বিদায়ী সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়।
অভিষিক্তরা হলেন সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব এবং কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মইনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সারওয়ার খান বাবু।
উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কামাল-রুহুল প্যানেল দুটি ছাড়া সবকটি পদে জয়লাভ করে। অন্যদিকে কুনু-আজম প্যানেল দুটি পদে জয়লাভ করে। ১৯৭৫ সালে বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা লাভ করে।
ইত্তেফাক/এএম।
