বাংলাদেশের টেকসই বনায়ন এবং জীবনযাত্রা (সাসটেইনেবল ফরেস্ট এন্ড লাইভলিহুড) প্রকল্পে বিশ্ব ব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে সচিবালয়ে সাক্ষাত্কালে বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। সাড়ে ১৭ কোটি ডলারের এ প্রকল্প ধারণাপত্রটি পরিবেশ ও বন মন্ত্রণালয় তৈরি করেছে। পুরো প্রকল্প তৈরি করতে বিশ্ব ব্যাংক প্রাথমিকভাবে মন্ত্রণালয়কে সহায়তা দেয়ার কথা জানিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের প্রধান ছিলেন সংস্থার ম্যানেজার (অপারেশন) রাজশ্রি এস পারালকার।
জানা গেছে, এর আগে ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রকল্পে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আড়াই লাখ মার্কিন ডলার দিয়েছে। গতকালের বৈঠকে এ নিয়েও বিশদ আলোচনা হয়েছে।
সূত্র জানায়, টেকসই বনায়ন এবং জীবনযাত্রা শীর্ষক প্রকল্পটি পরিবেশ ও বন মন্ত্রণালয় তৈরি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হলে সেখান থেকে বিশ্ব ব্যাংকের কাছে পাঠানো হয়। গতকালের বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ, অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মণ্ডল, বিশ্ব ব্যাংকের সিনিয়র রিসোর্সেস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মাধবী এম পিল্লাই, সিনিয়র স্পেশালিস্ট ফর ক্লাইমেট চেঞ্জ, ফরেস্ট রিসোর্সেস প্ল্যানিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রফেসর নাজাভাল্লি এইচ রবীন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
