কাউখালীতে শিক্ষা সফরের বাসে দুর্ঘটনা ৩৫ জন আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ০৪:৫৩

পিরোজপুরের কাউখালীতে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩৫ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। স্বরুপকাঠী-কাউখালী-নৈকাঠী সড়কের গোসনতারা নামক স্থানে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১৬ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।

 
জানা গেছে, কাউখালীর পার্শ্ববর্তী উপজেলার স্বরূপকাঠীর অলংকারকাঠী এমআর মাধ্যমিক বিদ্যালয়  থেকে ১১০ জন শিক্ষক-শিক্ষার্থী দুটি বাসযোগে বাগেরহাটে শিক্ষা সফরের উদ্দেশে যাচ্ছিল। পথে ৫৫ জন শিক্ষক-শিক্ষার্থীদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
 
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী মিলে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ৩৫ জনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএন