কাউখালীতে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় আহত গাড়ি চালকের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৩:৩০
পিরোজপুরের কাউখালী উপজেলায় শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় আহত বাস চালক জয়ন্ত ব্যানার্জী (৫৫) মারা গেছেন।
 
বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়ন্ত্র ব্যানার্জী বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বাসিন্দা।
 
পিরোজপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার সকালে কাউখালীর পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী এমআর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা দুইটি বাসে করে বাগেরহাটের খান জাহান আলীর মাজারে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাচ্ছিল। দুইটি বাসে ৫৫ জন করে ১১০ জন যাত্রী ছিল। সকাল সাড়ে আটটার দিকে কাউখালী-নৈকাঠী সড়কের গোসনতারা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ওই বাসের যাত্রী শিক্ষক, ছাত্র ও তাদের সঙ্গে থাকা স্বজনেরা আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গুরুতর আহত বাসের চালক জয়ন্ত ব্যানার্জীকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ