বিশ্বনাথে নদীর চর ভরাট করে জায়গা দখল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০২:৩৩

সিলেটের বিশ্বনাথে এককালের খরস্রোতা বাসিয়া নদীর দু’পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ সম্পন্ন করার দাবিতে যখন আন্দোলন চলছে ঠিক তখনই গতকাল রবিবার মাটি ভরাট করে নদীর চর দখল করছে একটি মহল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করলেও তা অমান্য করে মাটি ভরাট কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত দু’তিনদিন ধরে উপজেলা সদরের নতুন বাজারস্থ মত্স্য বাজারের পশ্চিমে বাসিয়া নদীর চর ভরাট করে দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে অটোরিকশা স্ট্যান্ড কর্তৃপক্ষ।

 
অভিযোগ রয়েছে বিষয়টি দেখেও না দেখার ভান করছেন ভূমি অফিসের কর্মকর্তারা। তবে রবিবার সকালে বিষয়টি সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে টনক নড়ে প্রশাসনের। এরপর বিশ্বনাথ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নির্মল পাল চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু তিনি সেখান থেকে চলে আসার পর নির্দেশ অমান্য করে ত্বরিতগতিতে ভরাট কাজ সম্পন্ন করে অটোরিকশা রেখে জায়গা দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।
 
এ ব্যাপারে নতুন বাজার অটোরিকশা স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, গাড়ি রাখার সুবিধার্থে আমরা কিছু জায়গা ভরাট করেছি। তবে প্রশাসনের আপত্তির কারণে কাজ বন্ধ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক বলেন, অভিযোগ পেয়ে মাটি ভরাট না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে মাটি ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি এসিল্যান্ডকে নির্দেশ প্রদান করেছি।

ইত্তেফাক/এএন