গাংনীতে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলরসহ গুরুতর আহত ৫

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১০:১৫
গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের হামলায় পৌর কাউন্সিলর সাইদুল ইসলাম সহ পাঁচজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।
 
বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
আহতরা হচ্ছেন, গাংনী পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও  প্যানেল মেয়র-২ সাইদুর ইসলাম (৪০), একই ওয়ার্ডের আব্দুল মান্নাফের ছেলে খোকন মিয়া (৩৮), ইউনুছ আলী (৩৬) ও আব্দুল্লাহ (৩০) এবং একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২৭) । এ ঘটনায় গোপালনগর গ্রামের স্বপন নামের একজনকে পুলিশ আটক করেছে।
 
আহতরা জানায়, গোপালনগর গ্রামের মাছ ব্যবসায়ী পচার ছেলে মিনহাজুলের কাছে পাওনা টাকা চাইতে গাংনীর আব্দুল্লাহ সন্ধ্যায় যায়।  এক পর্যায়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা বাঁধে।  ঘটনা জানতে এক এক করে কয়েকজন জড় হলে আব্দুল্লাহকে মারধর করে। এই খবরে গাংনী থেকে সাইদুল ইসলাম কাউন্সিলর কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে তুমুল বাকবিতণ্ড শুরু হলে দুর্বৃত্তরা সবাইকে  লাঠিসোঁটা ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এরা জুয়া খেলা করে। জুয়া খেলার টাকা আদায় করাকে কেন্দ্র করে হামলা হয়েছে।
 
গাংনী হাসপাতালের ডাক্তার (আবাসিক মেডিকেল অফিসার ) এমকে রেজা জানান, আহতদের পাঁচজনই গুরুতর জখম । তবে এরা সবাই আশংকামুক্ত।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপালনগরে হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ পলিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে স্বপন নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ