ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে রুবেল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের চুন্নু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, ডিস ব্যবসার বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি ডিস ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে রুবেলের বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ বাদল চোকদার, আওলাদসহ অজ্ঞাত চার/পাঁচজন মোবাইল ফোনে রুবেলকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রুমান মোল্লা বাদী হয়ে তিনজনের নামসহ অজ্ঞাত আরো চার/পাঁচজনকে আসামি করে মামলা করেছে। আসামি ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
