প্রতিবন্ধী ভাতা তুলতে গিয়ে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বানু মোহাম্মদের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম জানান, আব্দুল হামিদ বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী ভাতা তুলতে বাড়ি থেকে অটোবাইকে দিনাজপুর সদর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোবাইকে থাকা অবস্থায় মাথা বের করে মোবাইলে কথা বলার সময় একটি ট্রাকের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
