কুমিল্লায় ১১৮ ভরি স্বর্ণসহ রাজিব ধর নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব ধর চট্টগ্রামের ভুজপুর উপজেলার সুয়াবিল গ্রামের মৃত পরিমল ধরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রাজিব ধরের (৩৫) জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা ৫টি স্বর্ণের বার (৫০ ভরি) ও ৩টি গলানো বার (৬৮ ভরি)সহ মোট ১১৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান, এ বিষয়ে সন্ধ্যায় থানায় মামলা হয়েছে এবং আটককৃত রাজিব ধরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এএম।
