নবাবগঞ্জে বাল্যবিয়েতে প্রশাসনের হস্তক্ষেপ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২০:৪৫
 
ঢাকার নবাবগঞ্জে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাটি উপজেলার শোল্লা ইউনিয়নের আবদানী গ্রামের। মেয়েটি সিংহড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী তার বয়স ১৫ বছর ৪ মাস ১৫দিন বলে জানা যায়।
 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঐ ছাত্রীর গায়ে হলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমসহ প্রশাসনের একটি দল কনের বাড়িতে হাজির হন। মুহূর্তেই সব থেমে যায়। পরে ১৮ বছরের পর বিয়ে দেয়ার মুচলেকায় সংশ্লিষ্টদের ছেড়ে দেয়া হয়।
 

এলাকাবাসী জানায়, ছাত্রীটির মা ও নিকট আত্মীয়রা বৃহস্পতিবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করছিল। পরে প্রতিবেশীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানায়।