শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত ২ বিচারপতিকে স্মরণ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২২:২৬
সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে স্মরণ করলেন বিচারপতি ও আইনজীবীরা। স্মরণ সভায় তারা দুই বিচারপতির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। 
 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও হাইকোর্টের বিচারপতি জেএন দেব চৌধুরীর মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় বিচারপতি ও আইনজীবীদের বক্তব্যে মিশে ছিল তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভার আয়োজন করে সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদ।  
 
সভার প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা বলেন, অনেকের রাজনৈতিক ধ্যান ধারণা থাকতে পারে। দুর্বলতাও থাকতে পারে। কিন্তু বিচারপতি হওয়ার পর সেটা ধরে রাখা ঠিক না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়েছি কিন্তু কখনো কাউকে বলতে শুনিনি বজলুর রহমান তার রায়ে সেটার প্রতিফলন ঘটিয়েছেন। এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা বজলুর রহমান ছিলেন সৎ। এটাই তার প্রকৃষ্ঠ উদাহরণ।
 
তিনি বলেন, জেন এন দেব চৌধুরী ছিলেন দেওয়ানি মামলায় অভিজ্ঞ। তার বাবা সিলেটের বিখ্যাত দেওয়ানি বিশেষজ্ঞ আইন জিতেন্দ্র নারায়ণের কাছ থেকে সব অমায়িকতা শিখেছেন। কিন্তু সেটা দেখানোর সুযোগ পাননি। যদি বেঁচে থাকতেন তাহলে সেটা সবাই দেখতো পেতো।
 
বিচারপতি এম. ইনায়েতুর রহম বলেন, বিচারপতি বজলুর রহমানের সঙ্গে আমার পরিচয় একদিনের নয়, দীর্ঘদিনের। ছাত্র জীবন থেকে তাকে আমি চিনি। তখন থেকে বজলুর রহমান অনেক কষ্ট করেছেন। মুখ ফুটে কিছু বলতেন না সবকিছু নীরবে সয়ে যেতেন।
 
তিনি বলেন, আমাদের দুই সহকর্মীর মৃত্যুতে সুপ্রিম কোর্ট বারের উচিত ছিল স্মরণ সভার আয়োজন করার। তারা এ ধরনের সভার আয়োজন করলে সেটি অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ হতো। আমি আশা করি ভবিষ্যতে এ ধরনের স্মরণ সভার আয়োজন করবে সুপ্রিম কোর্ট বার।
 
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, সুপ্রিম কোর্ট বার সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম খালেদ আহমেদ সভাপতিত্ব করেন। সভায় দুই বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
গত ১ জানুয়ারি বিচারপতি বজলুর রহমান ও ১৫ ডিসেম্বর বিচারপতি জেএন দেব চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
 ইত্তেফাক/ইউবি