সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক প্রকৌশল, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, বিজ্ঞান গবেষণায় দেশের মডেল এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়। গবেষণায় এই অর্জনের জন্য বর্হিবিশ্বে শাবির সুনাম ছড়িয়ে পড়েছে। গবেষণা কাজে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এজন্য শাবি গবেষণায় আজ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। এই অর্জন ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি গবেষণা কাজে নিয়োজিত হতে হবে।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ড. এএমএম মোকাদ্দেসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনে অংশ নেয়া জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুশি, সায়তামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তেছুয়া শিমামুরা, সিঙ্গাপুরের ন্যাশন্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও বুয়েটের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
