নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ডে মিলনমেলা' উদযাপিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ্যালামনাই ডে মিলন মেলার উদ্বোধন করেন এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ্যালামনাই ডে মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে।'
অনুষ্ঠানের শুরুতে এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এ্যালামনাসদের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এ্যালামনাসগণ অবদান রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য 'আনন্দ শোভাযাত্রা' পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বেলা ১১টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে দ্বিতীয় ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া আলোচনা সভা, মধ্যাহ্নভোজন ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
