‘অনুপম টেক্সট করে জানালেন যেন দেখা হয়’

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:৩৯

g বিনোদন রিপোর্ট

 

এদেশের অন্যতম পপস্টার মেহরীন বর্তমানে নিজের গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে মঞ্চ মাতাচ্ছেন তিনি। এর বাইরে কলকাতার কয়েকটি টিভি স্টেশনে লাইভ গান ও আড্ডার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি নদিয়ায় ৩ দিনের বসন্ত উত্সবেও পারফর্ম করেন তিনি। ৩ দিনব্যাপী এই উত্সবের প্রথমদিন ছিলেন অনুপম। পরদিন ছিলেন মেহরীন। অনুপম দীর্ঘদিন ধরেই মেহরীনের গানের ভক্ত। একাধিক গান তার নিজেরও তোলা। তাই দুই বাংলার শিল্পী হলেও তাদের আত্মীক দূরত্বটা খুব বেশি নয়। তাই নিজের গানের বাইরেও অনুপম মেহরীনের সাথে দেখা করেন।

মেহরীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই গুণী শিল্পী আমায় টেক্সট করে জানালেন যেন দেখা হয়। দেখা হলো। আজ (২৯ মার্চ) তার জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

মেহরীন আরো বলেন, ‘অনুপম বরাবরই স্বভাববিনয়ী। এ কারণেই তিনি আজ এত বড়মাপের শিল্পী। দারুণ এক আড্ডা হলো আমাদের। একসাথে কাজেরও কিছু প্ল্যান রয়েছে। দেখা যাক।’ উল্লেখ্য, মেহরীন তার নতুন গান রিলিজের পাশাপাশি নিজের নামে একটি অ্যাপস প্রকাশের ব্যাপারেও কাজ করছেন। খুব শিগগিরই তা দর্শক-শ্রোতাদের কাছে নিয়ে আসবেন বলে জানান তিনি।