সংস্কৃতিকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয় : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতিকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়, রাজনীতি সংস্কৃতিরই একটি অংশ, বর্তমানে সংস্কৃতিকে বাণিজ্য হিসেবে গণ্য করা হচ্ছে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতিরও চর্চা করতে হবে। 
 
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, বাংলা সংস্কৃতি ধরে রাখতে হবে এবং তার যথাযথ চর্চা ও রক্ষা করার দ্বায়িত্ব আমাদেরই। রাজনৈতিক লড়াইতো আমরা করছি, আমাদের প্রকৃত লড়াই সংস্কৃতি রক্ষার লড়াই। বর্তমানে আমাদের দেশ মধ্যবর্তী আয়ের দেশে পরিণত হয়েছে। 
 
তিনি আরো বলেন, আমরা দানব নয়, মানবের সমাজ গড়তে চাই। এ জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। উন্নয়নকে যারা বাধাঁগ্রস্ত করতে চায় তাদের যে কোন মূল্যে প্রতিহত করতে হবে। বর্তমান সরকার লোকশিল্পের উন্নয়নে কাজ করছে। অচিরেই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে নতুন ভবন তৈরি করা হবে। তাছাড়া পানাম নগরীর ৫২টি ঐতিহাসিক ভবন সংস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ মদস্য আব্দুল্লাহ আল কায়সার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি