দিনব্যাপী প্রকৃতি মেলা উদযাপন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:১১
প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি পৌষের শেষ দিনে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’। 
 
সবুজে মোড়ানো প্রকৃতির মঞ্চে সাতটি টিয়া পাখি, সাদা বক নানান রঙের বেলুন উড়িয়ে সপ্তমবারের মতো ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’র উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রধান বন সংরক্ষক ইউনুস আলী। 
 
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, নিসর্গী দ্বিজেন শর্মা, পাখিপ্রেমি ইনাম আল হক, ইশতিয়াক আহমদ, মনোয়ার হোসেন, আলী ইমাম, অসিত রঞ্জন পাল, মেলার অন্যতম পৃষ্ঠপোষক মেঘনা গ্রুপের এজিএম ব্র্যান্ড কুমার ফিলিপ বড়ুয়াসহ বিশিষ্টজনরা। 
 
এবারের মেলার প্রতিপাদ্য ‘বায়ু দূষণ’। উদ্বোধনী পর্ব শেষে চেতনা চত্বরে হরীতকীর চারা রোপণ করেন অতিথিরা। প্রকৃতি মেলার সঙ্গে জড়িত সবাইকে সাধুবাদ জানিয়ে মেলার উদ্বোধক পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল বলেন, ‘বর্তমান সরকার পরিবেশবান্ধব সরকার। পরিবেশ রক্ষা করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে ঢাকার বলধা গার্ডেন ও রমনা পার্ক সংরক্ষণ করা হবে এবং আগের রূপ ফিরিয়ে দেওয়া হবে।’
 
 আনিসুল হক বলেন, ‘চ্যানেল আই পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে ঢাকা শহরের মেয়র ও নাগরিক হিসেবে সমর্থন করছি।’ ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি বাঁচলে আমরা বাঁচাব, তাই প্রকৃতির মাঝে সবাই থাকবেন এবং ভালোবাসবেন।’
IMG0
প্রকৃতি নিয়ে গান পরিবেশন করেন ইন্দ্র মোহন রাজবংশী, তপন চৌধুরী, এসআই টুটুল, অনিমা রায়সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দেশসেরা শিল্পীরা। 
 
রঙ- তুলির আঁচড়ে প্রকৃতি তুলে ধরেন চিত্রশিল্পী আবদুল মান্নান, মনিরুজ্জামান, রেজাউন নবী, মোহাম্মদ জহির উদ্দিন ও কামাল উদ্দিন। ছিল প্রাণ-প্রকৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, মূকাভিনয়, গম্ভীরা, পটের গান, জল তরঙ্গ পরিবেশনা। 
 
স্টলগুলোর মধ্যে ছিল সামুদ্রিক মাছের স্টল, পাখিবিষয়ক গ্রন্থের স্টল, জীবন্ত প্রজাপতির ঘর, হস্ত ও কুঠির শিল্পের স্টলসহ আরো অনেক কিছু। ফলদ, বনজ ও ঔষুধি গাছে মেলাপ্রাঙ্গণ হয়ে উঠে সবুজে মোড়ানো একখ- সাজানো বাগান। ছয় ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মেলার সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
 
ইত্তেফাক/এমএআর