নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নাটকের প্রবাদ পুরুষ অধ্যাপক ড. সেলিম আল দীনের নবম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে শনিবার দিবসটি পালন উপলক্ষে সকাল দশটায় একটি স্মরণযাত্রা বের করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, দেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, সেলিম আল দীনের আত্মীয়-স্বজন প্রমুখ স্মরণযাত্রায় অংশগ্রহণ করেন। স্মরণযাত্রাটি সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
এরপর বিভিন্ন সংগঠনের পক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
প্রয়াণদিবস উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে মৃৎ মঞ্চে লাঠিখেলা, এ্যাক্রোবেট প্রদর্শনী, আলোচনা সভা ও জহির রায়হান মিলনায়তনে নাটক মঞ্চায়ন করে। -বাসস।
ইত্তেফাক/এসএস
