পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ২০ হাজার দর্শক সমবেত হয়।
স্থানীয়রা জানায়, বিকাল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মূহুর্তে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।
স্থানীয় বাসিন্দা পিযুষ মণ্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালন করা হয়।
হরিস্কুল গ্রামের স্কুল শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ই জানান, মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরু রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
যন্ত্রাইল ইউনিয়নের চেয়ারম্যান নন্দ লাল সিং ইত্তেফাককে জানান, এ মেলা এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে এ অঞ্চলের মানুষের মাঝে অনেক আনন্দ বয়ে আনে।
ইত্তেফাক/ইউবি
