যা করব তা বিনা অনুমতিতেই করবো: গয়েশ্বর

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:৫৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন সংগ্রাম আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। ভবিষ্যতে এমন কর্মসূচি দেবো যাতে অনুমতির দরকার পড়বে না। যা করবো তা বিনা অনুমতিতেই করবো। সরকার তো এতো বোকা নয় যে, আমাদেরকে সরকার পতনের আন্দোলনের অনুমতি দেবে।
 
রাষ্ট্রদ্রোহ মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে শনিবার প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে আসলাম চৌধুরী মুক্তি পরিযদ।
 
প্রসঙ্গত যে, দশম সংসদ নির্বাচনের তিন বছর পূর্তির স্মরণে গত ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েও পায়নি বিএনপি। এর আগে অনুমতি না পাওয়ায় গত ৭ নভেম্বরও সমাবেশ করতে পারেনি বিএনপিকে। এছাড়া আরো কয়েকটি বড় সমাবেশ তারা করতে পারেনি অনুমতি না পাওয়ায়।
 
গয়েশ্বর বলেন, বর্তমান সরকার ইলেক্টেড কিংবা সিলেক্টেড যাই হোক না কেন ক্ষমতায় আছে। ক্ষমতার জোরে সবকিছু করছে। আর আমরা দেশের মানুষ এবং গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন করবো সেই জন্য সরকারের অনুমতি কেন নেব? কঠোর আন্দোলনে সরকার পতনের মাধ্যমে ১৬ কোটি মানুষকে মুক্ত করতে হবে। তাদের মুক্তি মিললেই বিএনপি নেতাদের কারামুক্তি মিলবে, তাছাড়া সম্ভব নয়।
 

ইত্তেফাক/এএম।