গাজীপুরের কালিয়াকৈরে শনিবার বিকালে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। স্বামীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
নিহত কবিতা গুপ্তদাস (২৮) নড়াইল সদর উপজেলার বেলাহাটি এলাকার নির্মল গুপ্তদাসের মেয়ে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, কবিতা গুপ্তদাসের সঙ্গে অনুমান ১০ বছর আগে পাশের পুড়াবাদুরিয়া এলাকার সত্যবান দাসের ছেলে বাপ্পী গুপ্ত দাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পারিবারিকভাবে বাপ্পী ও কবিতার বিবাহ হয়। এক বছর আগে কবিতা জীবিকার খোঁজে তার স্বামী বাপ্পী দাস, মেয়ে তুলি দাস (৮) ও আড়াই বছরের ছেলে তজু দাসকে সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। এক মাস আগে বাপ্পী গুপ্ত দাসের সঙ্গে কবিতার দ্বন্দ্ব হয়।শনিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাপ্পী কাঠ দিয়ে স্ত্রী কবিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে বাপ্পী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাপ্পীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কবিতার মা সুনিতা দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/ইউবি
