নিরুত্তাপ দিনেও এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০১:০৬

বাংলাদেশ ভালো মতোই ম্যাচে আছে। গতকাল দিনশেষেও তিন শতাধিক রানে এগিয়ে মুশফিকুর রহিমের দল। কিন্তু দিনের বিচারে বাংলাদেশের দৃষ্টিতে একটা ম্যাড়ম্যাড়ে দিন কাটলো গতকাল ওয়েলিংটনে।

 
সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দেড় শতাধিক রানে ভর করে আগের দিনই ৭ উইকেটে ৫৪২ রান তুলেছিল বাংলাদেশ। গতকাল ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা দেয় তারা। এরপর টম ল্যাথামের সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের দ্রুতগতির ফিফটিতে ৩ উইকেটে ২৯২ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন ২ উইকেট।
 
আগের দিনই বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, তাদের লক্ষ্য আর পঞ্চাশ থেকে ষাট রান যোগ করা। ফলে গতকাল প্রত্যাশামতোই চলতে পেরেছে সফরকারীরা। সকালে বাংলাদেশকে এই লক্ষ্যে সাবলীলভাবে নিয়ে গেছেন সাব্বির রহমান রুম্মন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দুই বোলার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
 
‘সীমিত ওভারের ক্রিকেটার’ সাব্বির তার অভিষেক টেস্টেই চট্টগ্রামে নিজেকে প্রমাণ করেছিলেন দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে। গতকাল তৃতীয় টেস্টে পেয়ে গেলেন দ্বিতীয় ফিফটি। একেবারে সাবলীয় এই ৫৪ রানের ইনিংস খেলেছেন ৮৬ বলে; ইনিংসে মেরেছেন ৭টি চার। দারুণ আগলে রেখেছেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান তাসকিন ও রাব্বিকে।
 
তবে তারাও বল সামলানোর সুযোগ পেলে খারাপ করেননি। তাসকিন ২০টি বল সামলে ৩ রান করে আউট হয়েছেন। আর ২১ বল সামলে একটি চারসহ ৬ রান করে অপরাজিত ছিলেন রাব্বি। পরে বল হাতে রাব্বিই ২ উইকেট নিয়ে ছিলেন দিনে বাংলাদেশের সফল বোলার।
 
বোলিংয়ে বাংলাদেশের শুরু চমক দিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনো স্পিনার হিসেবে প্রথম ইনিংসে বোলিং শুরু করলেন।
 
মিরাজ খারাপ করেননি। দুই কিউই ওপেনার তবু সামলে নেন। প্রথম ব্রেক থ্রু দেন অবশ্য দলের সবচেয়ে ‘অভিজ্ঞ’ পেসার। অভিজ্ঞতা যার দুই টেস্টের। বল হাতে নিয়েই জিত রাভালকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ভাঙে ৫৪ রানের উদ্বোধনী জুটি।
 
পরের তিনটি জুটিতেও অর্ধশতক ছাড়িয়েছে নিউজিল্যান্ড। প্রতিটিতেই ছিলেন ল্যাথাম। যথারীতি উইলিয়ামসন খেলেছেন দৃষ্টিনন্দন কিছু শট। দ্বিতীয় স্পেলে ফিরে তাসকিন তাকে ফিরিয়েছেন দারুণ এক ডেলিভারিতে। প্রথম দুই ওয়ানডের পর আরও একবার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে শিকার করলেন তাসকিন।
 
বাংলাদেশের অনভিজ্ঞ পেস আক্রমণ খারাপ করেনি। রাব্বি দুটি উইকেট নিয়েছেন। তিন স্পেলে ১৫ ওভার বোলিং করে অনেকটা সংশয় দূর করতে পেরেছেন তাসকিন। শুভাশীষ উইকেট না পেলেও খানিকটা রেখেছেন সামর্থ্যের প্রমাণ। মিরাজের বোলিং ফিগারও যা বলছে, বোলিং ছিল তার চেয়ে ঢের ভালো।
 
আগের দিন ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যথা পাওয়া মুশফিকুর রহিম আর গতকাল মাঠে নামেননি। তার বদলে কিপিং করেছেন ইমরুল কায়েস।

ইত্তেফাক/এএন