৫৫ বছর ধরে ইত্তেফাকের নিয়মিত পাঠক শামছুদ্দিন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০২:২২

৫৫ বছরেরও অধিককাল ধরে নিয়মিত দৈনিক ইত্তেফাক পাঠ করছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল-মধ্যপাড়া গ্রামের শামছুদ্দিন আহমদ (৭০)। বর্তমানে কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী লুত্ফর রশীদ রানার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

 
প্রতিদিন কোর্টে যাওয়ার সময় কিংবা কোর্ট থেকে ফিরে আইনজীবীর চেম্বারে বসে ইত্তেফাক পড়েন তিনি। আদালত বন্ধের দিনও তিনি তিন কি.মি দূরে তার গ্রামের বাড়ি থেকে চেম্বারে ছুটে আসেন শুধুমাত্র ইত্তেফাক পড়ার জন্যই। ঝড়-বৃষ্টির দিনেও তিনি ছাতা নিয়ে চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কোনোদিন কোনো কারণে যদি ইত্তেফাক পড়তে না পারেন, তাহলে পরদিন হলেও সেই পত্রিকাটি সংগ্রহ করে পড়ে নেন। ইত্তেফাক পড়া যেনো তার নেশায় পরিণত হয়েছে।
 
শামছুদ্দিন আহমদ জানান, যখন তিনি যশোদল হাই স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র, তখন থেকেই ইত্তেফাকের নিয়মিত পাঠক। তার গ্রামেরই আইনজীবী সুকুমার রায় ইত্তেফাকের গ্রাহক ছিলেন। প্রথমে তার বাড়িতে গিয়ে তিনি নিয়মিত ইত্তেফাক পড়তেন। দেশ স্বাধীন হওয়ার পর সুকুমার রায় ভারতে চলে যাওয়ার পর তিনি নিজে ইত্তেফাক কিনে পড়তে শুরু করেন। তিনি জানান, ইত্তেফাকের সঙ্গে এ দেশের মুক্তি সংগ্রামসহ বহু আন্দোলনের ইতিহাস জড়িয়ে রয়েছে। এটিই একমাত্র পত্রিকা যেটি এখনও  নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে। সম্পাদকীয় কিংবা উপ-সম্পাদকীয় ছাড়াও বিশ্ব সংবাদ পড়তে তার খুব ভালো লাগে। শুক্রবারের ধর্মচিন্তা পাতাটি তিনি মনোযোগ দিয়ে পড়েন। টারজানেরও নিয়মিত পাঠক বলে জানান তিনি। ইত্তেফাকে প্রকাশিত অনেক গুরুত্বপূর্ণ সংবাদ কিংবা ছবির কাটিং তার সংগ্রহে রয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এএন