শেখ জামালের জয়
স্পোর্টস রিপোর্টার
ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সমানতালে এগিয়ে যাচ্ছিল চারটি ক্লাব। আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে পাঁচটি করে জয় ছিল প্রাইম দোলেশ্বরেরও। গতকাল সেই তালিকা থেকে ছিটকে পড়েছে প্রাইম দোলেশ্বর। টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল দলটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ ৭২ রানে পরাজিত করেছে দোলেশ্বরকে।
সাত ম্যাচে রূপগঞ্জের জয় এখন ছয়টি। আর দোলেশ্বরের জয়ের সংখ্যা পাঁচই থাকলো। এদিকে গতকাল জয় পেয়েছে আবাহনীও। তাই সাত ম্যাচে ছয়টি জয় পাওয়া ক্লাবের তালিকায় এখন শুধু আবাহনী ও রূপগঞ্জ। আজ ব্রাদার্সের বিপক্ষে জিতলে প্রাইম ব্যাংকও তাদের সঙ্গী হবে।
গতকাল ফতুল্লায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে পাঁচ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগে খেলার দৌড়ে টিকে এই জয় দরকার ছিল তাদের। সাত ম্যাচে শেখ জামালের এটি চতুর্থ জয়। সমান ম্যাচে খেলাঘরের ষষ্ঠ হার।
মিরপুরে টসে হেরে ব্যাট করা রূপগঞ্জ ৯ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল। যেখানে বড় অবদান শাহরিয়ার নাফিস ও পাকিস্তানি আকবর উর রহমানের হাফ সেঞ্চুরির। শাহরিয়ার ৬৮, আকবর ৬৭, নাঈম ইসলাম অপরাজিত ৪৩, মমিনুল ২৫, জাকের আলী ১৯ রান করেন। দোলেশ্বরের ফরহাদ রেজা চারটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদের বোলিংয়ে পথ হারায় দোলেশ্বর। ৪৬ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। শহীদ ২৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। সাদ নাসিম ৬১, ইমরান ৩৭, তাইবুর ৩২, মাহমুদুল হাসান ২০ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি।
ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ৭৩ রানে পাঁচ উইকেট হারালেও খেলাঘর ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি গড়ে। মইনুল ৫৫, অমিত ৪০, রাফসান ২৬, মাসুম খান ১৮ রান করেন। শেখ জামালের তাইজুল, খালেদ তিনটি করে উইকেট পান। জবাবে ৪২ ওভারে পাঁচ উইকেটে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় নুরুল হাসান সোহানের দল। ইমতিয়াজ ৪৭, ফারদিন ২৫, তানবির হায়দার ২৫, নাসির ২০, নুরুল হাসান ২২, জিয়াউর অপরাজিত ২০, তাইজুল অপরাজিত ১৫ রান করেন। খেলাঘরের তানভির, রবিউল হক দুটি করে উইকেট নেন। ৩৯ রানে তিন উইকেট নিয়ে তাইজুল ম্যাচ সেরা হন।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৫/৯ (শাহরিয়ার নাফিস ৬৮, আকবর ৬৭, নাঈম ইসলাম ৪৩*, মমিনুল ২৫, জাকের আলী ১৯, মেহেদী মারুফ ১৪; ফরহাদ রেজা ৪/৫২, আরাফাত সানি ১/১৭, এনামুল জুনিয়র ১/৩২, সৈকত আলী ১/৩৮)
প্রাইম দোলেশ্বর: ৪৬ ওভারে ১৯৩ (সাদ নাসিম ৬১, ইমরান ৩৭, তাইবুর ৩২, মাহমুদুল হাসান ২০; শহীদ ৪/২৩, আকবর ২/২৮, শুভাশীষ ২/২৮, মুক্তার আলী ১/৪৪, নাবিল সামাদ ১/৫২)
ফলাফল: রূপগঞ্জ ৭২ রানে জয়ী
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
খেলাঘর: ৫০ ওভারে ১৮৩/৯ (মইনুল ৫৫, অমিত ৪০, রাফসান ২৬, মাসুম খান ১৮, মাহিদুল ১০; তাইজুল ৩/৩৯, খালেদ ৩/৪৩, নাসির ১/২১, এনামুল ১/২৪)
শেখ জামাল: ৪২ ওভারে ১৮৫/৫ (ইমতিয়াজ ৪৭, ফারদিন ২৫, তানবির হায়দার ২৫, নাসির ২০, নুরুল হাসান ২২, জিয়াউর ২০*, তাইজুল ১৫*; তানভির ২/৩১, রবিউল হক ২/৪২, রবিউল ইসলাম রবি ১/২৮)
ফলাফল: শেখ জামাল পাঁচ উইকেটে জয়ী
