‘শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২৩:৫৫
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শংকিত থাকা পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের দেশে যারা শিক্ষাগ্রহণ করছে তাদের গ্লোবাল ওয়াইজ শিক্ষা গ্রহণ করতে হবে। শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। 
 
রবিবার সকালে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সোনালী স্বপ্ন একাডেমি’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
 
তিনি বলেন, শিশুদের আইসিটি জেনারেশন হিসেবে প্রস্তুত করতে হবে। তাদের মধ্যে ডিজিটাল ইনভারমেন্ট তৈরি করতে হবে। যাতে পৃথিবীর অন্য দেশের শিশুদের সামনে আমাদের দেশের শিশুরা বুক ফুলিয়ে প্রতিযোগিতা করতে পারে। 
 
সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজুমল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এস.এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস ও মৃণাল কান্তি রায় চৌধুরী বক্তব্য রাখেন।
 
ইত্তেফোক/ইউবি