শিবপুরে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫০
২০১১ সালে ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যকে স্মরণ করেছে জেলা পুলিশ। 
 
রবিবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম। 
 
বেলাব থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান, ওসি (তদন্ত) আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, ডিআইও-১ শহিদুর রহমান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান। 
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়ারি বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। 
 
নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর তদন্ত জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মণ্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০) কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।  
 
ইত্তেফাক/ইউবি