'সাত খুন মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আনা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, 'দেশের আপামর জনসাধারণ এ মামলাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি চায়।' সাত খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, 'ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাজ ছিল মানুষের জান-মাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি অপরাধের সঙ্গে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য।'
 
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে কাল সোমবার এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায়ের এ দিন ধার্য করা হয়।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা বারের সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণের তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস