চূড়ান্ত লড়াইয়ে সিটি-লিভারপুল
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফুলহ্যামের ম্যাচ দিয়ে মৌসুমের শেষ আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে আজ শনিবার আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শীর্ষ দুই স্থানে থাকা লিভারপুল ও সিটির লক্ষ্য শিরোপা হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের চেষ্টা থাকবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার।
লিভারপুল এক ম্যাচ বেশি খেলে কোচ পেপ গার্দিওলার সিটি থেকে দুই পয়েন্টে এগিয়ে আছে। সিটিজেনরা আজ সন্ধ্যায় অবনমনের শঙ্কায় থাকা ফুলহ্যামের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়টি তুলে নিতে সক্ষম হলে তা নিশ্চিতভাবেই লিভারপুলের উপর চাপ সৃষ্টি করবে।
কারণ আগামীকাল টটেনহ্যাম হটস্পারকে আতিথ্য দেবে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল। প্রতিপক্ষ সেরা চারের একটি বলে চ্যালেঞ্জটা একটু বেশিই, কিন্তু এই ম্যাচ জিততে পারলে তা দলের শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরদার করবে।
হটস্পারের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লপ দলের ওয়েবসাইটে বলেন,‘এমন মৌসুমে দলকে শেষ সপ্তাহগুলোর জন্য তৈরি রাখতে হবে আপনার। আমরা এখন চূড়ান্ত সময়ে প্রবেশ করেছি এবং সামনে আর কোনো বিরতি নেই, একটার পর একটা ম্যাচ খেলেই যেতে হবে; এখানে প্রতিটি ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ।’
এমন সময়ে কোনো প্রকার ইনজুরি সমস্যা ছাড়াই মাঠে নামছে ক্লপের দল। এদিকে টটেনহ্যাম শেষ চার লিগ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় তাদের শীর্ষ চারে অবস্থান করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই ম্যাচে কোচ মরিসিও পচেত্তিনোর দল পয়েন্ট পেতে ব্যর্থ হলে সেটি তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য চতুর্মুখী লড়াই উন্মুক্ত করে দেবে।
মৌসুমের প্রথমার্ধে মধ্যম সারির দলে পরিণত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড তা সামলে সেরা চারের লড়াইয়ে ভালোভাবেই ফিরেছে। যার জিয়নকাঠিতে বদলে গেছে দলটি সে ওলে গুনার সোলসারকে অন্তর্বর্তীকালীন থেকে পূর্ণ মেয়াদে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এ সপ্তাহেই। পল পগবাদের আত্মবিশ্বাসের পালে নতুন হাওয়া লাগাতে পারে এটি।
নরওয়েজিয়ান এই কোচ জানান, চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণের জন্যে শেষ দিন পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে তার দল। তিনি বলেন,‘চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার জন্যে আমরা দারুণ সুযোগ সৃষ্টি করেছি, কিন্তু শেষদিন পর্যন্ত এটা নির্ধারিত হবে না।’
শীর্ষ চার নিশ্চিত করার লড়াইয়ে আরও আছে লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও চেলসি। ফেব্রুয়ারির শুরুতে সিটির কাছে হারের পর গত পাঁচ ম্যাচে অপরাজিত ছিল। এ কারণে চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণের আশা আর্সেনালেরই বেশি।
এ জন্য দলের কোচ উনাই এমেরি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ী খেলাটির মতো চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে নামতে হবে তার দলকে। তিনি বলেন,‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যেমন চারিত্রিক দৃঢ়তা নিয়ে খেলেছিলাম শেষ আট ম্যাচে তেমন খেলতে হবে আমাদের।’
