এমপি লিটন হত্যা : গ্রেফতারকৃত দুইজন দুই দিনের রিমান্ডে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭
এমপি লিটন হত্যা ঘটনায় ঢাকায় গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম (২৮) ও তার সহযোগী জহিরুল ইসলামের (২৯) দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  
 
রবিবার দুপুর ১২টার দিকে ওই আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। 
 
আদালত পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম জানান, ওই দুই আসামির সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
 
আশরাফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা (পশ্চিম) জামায়াতের আমির হাজী ইউনূস আলীর ছেলে এবং জহিরুল ইসলাম এমপি লিটন হত্যা মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ডে থাকা হাজী ফরিদের ছেলে। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা এলাকায়। 
 
এদিকে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার সুন্দরগঞ্জে জামায়াতের আরো দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অপরদিকে সাদুল্লাপুরে নিখোঁজ ৬ জনের কোন খোঁজ খবর ৮ দিনেও পাওয়া যায়নি।
 
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে জামায়াতের কর্মী  সুন্দরগঞ্জের মনমথ গ্রামের মোহাম্মদ আলী (৫০) এবং রামভদ্র গ্রামের আব্দুর কাদেরকে (৩৫) আটক করা হয়। এমপি লিটন হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি