স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, রানীর কাছ থেকে নাইটহুড পদক পেয়েছেন। তবে, গেল সেপ্টেম্বরে শেষ টেস্ট খেলার পর থেকে কেবল ক্রিকেটটাই খেলা হয়ে ওঠেনি তার। যদিও, সুযোগটা যখন পেলেন, তখনই নিজেকে চূড়ান্ত রূপেই মেলে ধরলেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টেয়ার কুক।
এসেক্সের হয়ে মাঠে নেমে ক্যামব্রিজ ইউনিভার্সিটি দলের বিপক্ষে ১৫০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ‘দ্য মাস্টারশেফ’। এটা তার ক্যারিয়ারের ৬৪ তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। এর সুবাদে তিন দিনের ম্যাচে ২৮৬ রানের বিশাল জয় পেয়েছে এসেক্স।
ম্যাচ শেষে এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডোশেট ভূয়সী প্রশংসাই করলেন কুকের। তিনি মনে করেন, এখনো চাইলে জাতীয় দলে খেলার সব যোগ্যতাই কুকের আছে। ডোশেট বলেন, ‘ওর জাতীয় দলে ফেরা খুবই সম্ভব। ওর সাথে মাত্রই কথা বললাম এই নিয়ে। ও যদিও ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। তবে, আমি মনে করি কুক চাইলে এখনো জাতীয় দলে খেলতে পারে। ও ইংল্যান্ড ক্রিকেটকে ভালোবাসে। ও কেন ফিরে আসছে না, সেটা ঠিক আমি জানি না। ওর ইংল্যান্ড দলে ফেরা উচিত।’
কুকের উপস্থিতি এসেক্স দলের তরুণ খেলোয়াড়দের জন্য খুবই ইতিবাচক বলে মত দিলেন ডোশেট। তিনি বলেন, ‘অবশ্যই ও একজন অবিশ্বাস্য রকমের ভালো ক্রিকেটার। ও ক্রিকেটে যা করে সেটাই নতুন একটা সংযোজন হয়ে যায়। ও খেলাটার প্রতি খুবই নীতিবান। প্রতিটা ম্যাচ নিয়ে ওর আলাদা কিছু পরিকল্পনা থাকে। ও একটা জ্ঞানের ভান্ডার। ওর অভিজ্ঞতা আমার যেমন কাজে লাগে, তেমনি ওর উপস্থিতি দলের তরুণ ক্রিকেটারদের জন্যও খুব অনুপ্রেরণাদায়ক।’
ওভালে গেল সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ১৪৭ রানের অনবদ্য এক ইনিংস দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান অ্যালিস্টেয়ার কুক। এই কিংবদন্তি নিজের ক্যারিয়ারে ১৬১টি টেস্ট খেলেছেন, করেছেন ১২,৪৭২ রান।
