মা ও মেয়েকে ভারতে পাচারের অভিযোগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:১৩
ভালো চাকরির প্রলোভনে যশোর থেকে মা ও মেয়েকে ভারতে পাচারের অভিযোগে মামলা হয়েছে। রবিবার যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন আইয়ুব আলী নামে এক ব্যক্তি।
 
মামলার আসামিরা হলেন বর্তমানে যশোর সদরের তফসীডাঙ্গা গ্রামের স্থানীয় ভাড়াটিয়া আসাদ হাওলাদার ও মৌসুমী বিবি। মামলায় আইয়ুব আলী অভিযোগ করেছেন, আসামিরা তার স্ত্রী ও মেয়েকে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে।
 
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা তাদের প্রায় সময় তার স্ত্রী ও মেয়েকে ভালো চাকরির প্রলোভন দেখাত। তাদের বলা হতো, ভারতে নিয়ে গিয়ে তাদের চাকরি দেবে, তারা ভালো থাকবে। এই প্রলোভনে পড়ে তারা রাজি হয়। ২০১৫ সালের ১৪ আগস্ট আসামিরা তার স্ত্রী ও মেয়েকে ভারতে নিয়ে যায়। আসামিরা কৌশলে তাদের ভারতে নিয়ে গিয়ে একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে।
 
সর্বশেষ ১৪ জানুয়ারি (শনিবার) সকালে আইয়ুব আলীর স্ত্রী ভারত থেকে জামাইয়ের মোবাইল নম্বরে ফোন করে জানায়, আসামিরা তাদের অনেকদিন ধরে ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। তাদের দিয়ে জোর করে খারাপ কাজ করতে বাধ্য করা হচ্ছে। মোবাইল ফোনে কথার সময় তারা কান্নাকাটি করে।
 
যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই জিয়ারত হোসেন জানান, মা ও মেয়ে পাচারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। রবিবার নিয়মিত মামলা হিসেবে এটা রেকর্ড করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস