'অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স: সেবায় নতুন দিগন্ত'

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:০৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর মধ্যদিয়ে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন থেকে জনগণ ঘরে বসেই এই সেবা পাবেন।'
 
স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে 'অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স' সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
বাংলাদেশ পুলিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে এই সেবা চালু করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার মো, হারুন-অর রশিদ, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী এ সময় বক্তব্য রাখেন।
 
এ ছাড়া পুলিশ হেড কোয়ার্টার্সের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মো. আকতার আলী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ এবং এটুআই প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
অনলাইন এটি চালুর ফলে সেবা প্রত্যাশী জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা হয়রানির শিকার হবেন না। এতে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।'
 
তিনি বলেন, 'অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চালুর ফলে বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকগণ দেশে বা দেশের বাইরে যে কোন স্থানে বসে ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (http://www.police.gov.bd/) গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস