হত্যা মামলায় গ্রেপ্তার দুই শিশুকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:২০
একটি হত্যা মামলায় গ্রেফতার কামরাঙ্গীর চরের দুই শিশুকে ২৯ জানুয়ারি হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে। একজন পদস্থ কর্মকর্তার মাধ্যমে দুই শিশুকে আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। 
 
গত ২৪ নভেম্বর ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেপ্তার’ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম। গত ২৯ নভেম্বর হাইকোর্ট ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। সেই আদেশ মোতাবেক গত ৪ জানুয়ারি লালবাগের ডিসি ও কামরাঙ্গীচরের ওসি আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ওপর রবিবার শুনানি শেষে আদালত দুই শিশুকে হাজিরের নির্দেশ দেয়। 
 
ব্যারিস্টার হালিম সাংবাদিকদের বলেন, মামলার এজাহারে শিশু দুটির বয়স উল্লেখ করা হয়েছে ১২ বছর। কিন্তু একজনের জন্ম সনদ আমরা আদালতে দাখিল করেছি। সেখানে তার বয়স সাড়ে ৮ বছর উল্লেখ রয়েছে। সেই হিসাবে পুলিশ কিভাবে এই দুটি শিশুকে গ্রেপ্তার করল তা বোধগম্য নয়। এটা শিশু আইনের লংঘন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন। 
 
ইত্তেফাক/এমআই