ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়ক যান চলাচলের অনুপযোগী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৫:১৭

ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়ক সংস্কার ও সম্প্রসারণের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝিনাইগাতী উপজেলা সদর থেকে ধানশাইল ও দুপুরীয়া হয়ে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কপথ। সড়ক ও জনপদ বিভাগ সরু এ সড়কটি পাকাকরণের মাধ্যমে যান চলাচলের উপযোগী করে তোলে। কিন্তু সড়কটি সম্প্রসারণ করা হয়নি। এতে এ সড়কপথে একটি গাড়ি প্রবেশ করলে অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারে না।

 
অভিযোগ রয়েছে, নিম্নমানের কাজ করা ও এ সড়কপথে ট্রাকে অবাধে পাথর ও বালু পরিবহনের ফলে সড়কটি দেবে ও খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ পথে যান চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। সংস্কার ও সম্প্রসারণের অভাবে এ সড়কপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। সড়ক ও জনপদ বিভাগের শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ একেএম ফজলুল হকের সাথে কথা হলে তিনি বলেন, সড়কটি সংস্কার ও সম্প্রসারণের পরিকল্পনা তাদের রয়েছে। সড়কটি সংস্কার ও সম্প্রসারণ করা হবে।

ইত্তেফাক/এএন