স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা অন্য যে কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এ রায়ের মাধ্যমে এই মেসেজই পৌঁছে দেয়া হয়েছে।’
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথভাবে অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়েছিল বলেই সাত খুনের সঠিক বিচার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি প্রমাণ হয়েছে। কেউ রেহাই পায়নি।
সাত খুনের মামলায় র্যাবের কর্মকর্তারা জড়িত ছিলেন, এর দায় র্যাব নেবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে র্যাব কেন এ দায় নেবে? র্যাবের কিছু বিপথগামী সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সাত খুনের ঘটনা তদন্তে র্যাব সহযোগিতা করেছে। যার ফলে সঠিক বিচার সম্ভব হয়েছে।
ইত্তেফাক/কেকে
